পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ পালিত হয়েছে। পরিচ্ছন্ন বায়ু নিশ্চিতকরণ, টেকসই জ্বালানি ব্যবহার এবং পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরে সোমবার (৭ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলাপাড়া প্রেসক্লাব চত্বরে ফিরে আসে। পরে সেখানে পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি), কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ, আমরা কলাপাড়াবাসী, প্রান্তজন এবং একশনএইড বাংলাদেশ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মাননু, জনসুরক্ষা মঞ্চের সহসভাপতি মো. কবির তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন রাজু, অর্থ সম্পাদক শুভ্রা চক্রবর্তী কল্যাণী, আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রাফসান রিমন, প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদসহ অন্যরা।
পথসভায় জনসুরক্ষা মঞ্চের কার্যনির্বাহী কমিটির সদস্য ও কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা গেলে প্রাণ-প্রকৃতি রক্ষা করা সম্ভব হবে। এ লক্ষ্য বাস্তবায়নে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) সদস্য সংগঠন, তরুণ সমাজ, স্থানীয় জনগোষ্ঠী ও নাগরিক সমাজকে সম্পৃক্ত করে দেশব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন বায়ু, জ্বালানি ব্যবহার ও ন্যায্য জ্বালানি রূপান্তরের পারস্পরিক সম্পর্ক তুলে ধরা হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে মানুষকে টেকসই জ্বালানি ব্যবস্থার পক্ষে সোচ্চার হওয়ার সুযোগ তৈরি করা হবে। এরই ধারাবাহিকতায় বরিশালে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন, প্রতিবছর ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস (International Day of Clean Air for Blue Skies) পালিত হয়। মানুষের স্বাস্থ্য, জীবিকা, পরিবেশ ও সামগ্রিক কল্যাণের জন্য পরিচ্ছন্ন বায়ু একটি মৌলিক শর্ত। বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রধান উৎসগুলো প্রায় একই হওয়ায় বিশুদ্ধ বাতাস নিশ্চিত করার উদ্যোগ জলবায়ু সংকট মোকাবিলা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।
তারা আরও বলেন, ২০২৬ সালের দিবসটির প্রতিপাদ্য—“Clean Air, Healthy Choices: Acting Together for People and Planet”। এতে ব্যক্তি, সমাজ, প্রতিষ্ঠান ও সরকারের সম্মিলিত সিদ্ধান্ত এবং কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জ্বালানি ব্যবহার, পরিবহন ব্যবস্থা, শিল্প উৎপাদন, নগর পরিকল্পনা ও দৈনন্দিন জীবনের বিভিন্ন সিদ্ধান্ত সরাসরি বাতাসের গুণমানকে প্রভাবিত করে। তাই নির্মল বায়ু নিশ্চিত করতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক নীতির পরিবর্তনও জরুরি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন (মিন্টু)।