পটুয়াখালী-৩ (দশমিনা) আসনের দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ্ আলম শানু বলেছেন, ‘এনসিপি ও জামায়াতের টাকা নিয়ে যারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে, তারা বিএনপি করে না এবং তারা বিএনপির লোক নয়।’
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহ্ আলম শানু বলেন, ‘আপনারা যারা আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন, তারা ব্যক্তি হাসান মামুনের দল করেন। আপনারা শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দল করেন না।’
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।
বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছিদ্দিক আহমেদ মোল্লা, সিনিয়র আহ্বায়ক বাচ্চু সিকদার, সদস্য সচিব শাহ্ আলম শানু, যুবদলের সাবেক সদস্য সচিব শামীম খান, ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার, সদস্য সচিব সালাহউদ্দিন, কৃষক দলের সাধারণ সম্পাদক হারুনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় শাহ্ আলম শানু আরও বলেন, ‘হাসান মামুন বিএনপি পরিবারের কেউ নন। তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে দল থেকে পদত্যাগ করেছেন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার হয়েছেন। অথচ আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হাসান মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে স্লোগান দেওয়া হয়েছে।’
তিনি দাবি করেন, ‘তারা বিএনপির কেউ নন, তারা এনসিপি ও জামায়াতের টাকার বিনিময়ে ভাড়া করা লোক।’
শাহ্ আলম শানু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উপজেলা কমিটি দিয়েছেন। আমার কথায় আগামী কয়েক দিনের মধ্যে ইউনিয়ন কমিটি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। অনেক অপেক্ষা করেছি, আর নয়। যে সংসারে পিতাকে মান্য করা হয় না, সে সংসারের সন্তান হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘আপনারা যদি বিএনপিকে ভালোবাসেন, তাহলে মূলধারায় আসুন। তা না হলে আবারও আগের মতো ১৭ বছর ভুগতে হবে। ব্যক্তি হাসান মামুনের কারণে দশমিনা উপজেলা বিএনপি থেমে থাকবে না। মূল স্রোতের বাইরে থেকে যত বড় কূটকৌশলই করেন, কোনো কাজ হবে না।’
প্রধান বক্তার বক্তব্যে শাহ্ আলম শানু দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।