নিখোঁজ ছাত্রের নাম মো. রেদোয়ান। সে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা মো. আবুল কালামের ছেলে এবং দক্ষিণ কালিকাপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে রেদোয়ান কালিকাপুর বাজারের নূর জামালের সেলুনে চুল কাটাতে যায়। চুল কাটার পর সে আর বাড়িতে ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
পরদিন শুক্রবার নিখোঁজ রেদোয়ানের বাবা আবুল কালাম গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর কিছুক্ষণ পর পরিবারের কাছে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে ফোন আসে বলে দাবি করেন তিনি।
রেদোয়ানের বাবা আবুল কালাম জানান, শুক্রবার বেলা পৌনে ২টার দিকে তার স্ত্রী মাকসুদার মোবাইল ফোনে অপরিচিত একটি নম্বর থেকে কল করা হয়। ফোনে অপর প্রান্ত থেকে রেদোয়ানকে তাদের হেফাজতে থাকার কথা জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
তিনি বলেন, ফোনে বলা হয়, ‘তোমার ছেলেকে কী দেখতে চাও? তাহলে আমাদের মোবাইল নম্বরে ৫০ হাজার টাকা পাঠাও।’ এরপর থেকেই ছেলেকে নিয়ে আরও দুশ্চিন্তায় পড়ে পরিবারটি।
রেদোয়ানের পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়ে থাকতে পারে। তবে কে বা কারা তাকে নিয়ে গেছে কিংবা বর্তমানে সে কোথায় রয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, বৃহস্পতিবার হাফিজিয়া মাদ্রাসার ছাত্র রেদোয়ান নিখোঁজ হওয়ার পর তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশের প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ ছাত্রের সন্ধান এবং মুক্তিপণ দাবির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।