শুক্রবার (২৮ আগস্ট) পটুয়াখালী জেলা ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.), ইসলামী সংগীত এবং আলোচনা পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল। বক্তব্যে তিনি মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে তা ব্যক্তি ও সমাজজীবনে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও পটুয়াখালী জেলা আমীর মো. নাজমুল আহসান অ্যাডভোকেট।
আলোচনা পর্বে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চল টিমের সদস্য ও সাবেক পটুয়াখালী জেলা আমীর অধ্যাপক মুহম্মদ শাহআলম, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদুল ইসলাম আল কায়ছারী, জেলা নায়েবে আমীর মো. মোশাররফ হোসেন হাওলাদার, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ওজিহুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য ও সদর আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ও পৌর আমীর মাওলানা আবুল বাশার এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হিফজুল কোরআন ও বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা জাকির হোসাইন আজমী।
এ ছাড়া এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মেজর (অব.) প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার, মাওলানা নুরুল আমীনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, আলেম, সামাজিক ব্যক্তিত্ব ও সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন শুধু ধর্মীয় অনুশাসনের মধ্যে সীমাবদ্ধ নয়; তাঁর জীবন ও চরিত্র মানবিকতা, ন্যায়বিচার, সহমর্মিতা, সততা ও উত্তম আচরণের অনন্য দৃষ্টান্ত। ব্যক্তি থেকে শুরু করে পরিবার ও বৃহত্তর সমাজে তাঁর আদর্শের চর্চা বাড়ানো গেলে শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনের পথ আরও সুগম হবে।
তাঁরা আরও বলেন, মহানবী (সা.) সমগ্র মানবজাতির জন্য আদর্শ। তাঁর শিক্ষা ও নৈতিক মূল্যবোধকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ধারণ করার মাধ্যমে সমাজে ন্যায়বিচার, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও মানবিকতার পরিবেশ গড়ে তোলা সম্ভব।
সমাবেশে নাতে রাসুল (সা.) ও ইসলামী সংগীত পরিবেশনের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির শেষপর্বে সমাপনী বক্তব্যের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার প্রচার ও মিডিয়া সেক্রেটারি মো. সাইদুর রহমান খান।