দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকিতে নতুন দায়িত্ব পেয়েছেন ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে তাদের মধ্যে জেলার দায়িত্ব বণ্টন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে পরামর্শ দেবেন। পাশাপাশি সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতিও তারা তদারকি করবেন।
পটুয়াখালীর দায়িত্বে মো. রাজীব আহসান
নতুন দায়িত্ব বণ্টনে বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর জেলার দায়িত্ব পেয়েছেন মো. রাজীব আহসান। ফলে পটুয়াখালী জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমের রাজনৈতিক পর্যায়ের তদারকিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা সংশ্লিষ্ট জেলার সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং পুরনো অপরাধ দমনে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।
এ ছাড়া দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতিও তারা পর্যবেক্ষণ করবেন।
প্রয়োজনে দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলার বিভিন্ন সরকারি সভায় অংশ নিয়ে পরামর্শ দিতে পারবেন। সরকারের পক্ষ থেকে জেলা পর্যায়ে প্রশাসনিক কর্মকাণ্ডে সমন্বয় ও তদারকি জোরদার করতেই এ নতুন দায়িত্ব কাঠামো তৈরি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।