পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সিএসই অনুষদের সিএসই ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় ফিতা কেটে ও কেক কাটার মধ্য দিয়ে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিএসই অনুষদের ডিন ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. খোকন হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মাসুদ।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রফেসর ড. শামসুজ্জামান সবুজ, সিএসই ক্লাবের সভাপতি বায়েজিদ আহমেদ, সাধারণ সম্পাদক মো. তৈকির আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, সিএসই ক্লাবের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে এই আইটি কার্নিভালের আয়োজন করা হয়েছে। প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ডাটা সায়েন্স ও ব্লকচেইনের মতো প্রযুক্তি এখন আর শুধু ভবিষ্যতের বিষয় নয়; এগুলো বর্তমান জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং দেশকে নেতৃত্ব দিতে হলে নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হওয়ার পাশাপাশি উদ্ভাবনী চিন্তায় সক্ষম হতে হবে।
ভাইস-চ্যান্সেলর আরও বলেন, শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষ ও পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নেই। নিজেদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে তারা বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান তৈরি করছে। আইটি কার্নিভাল শিক্ষার্থীদের সেই মেধা ও উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
তিনি বলেন, শিক্ষার্থীদের নতুন কিছু শেখা, গবেষণা ও উদ্ভাবনের সুযোগ তৈরি করতে পবিপ্রবি সবসময় কাজ করে যাচ্ছে। পড়াশোনা শেষে শিক্ষার্থীরা শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে—এমন প্রত্যাশার কথাও জানান তিনি।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি আইটি কার্নিভালের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।