দশমিনা প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বশার আহম্মেদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার মানিক মিয়া চত্বর থেকে ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাচ নাঈন আহম্মেদ হাসান, দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কিবরিয়া করিম, রনগোপালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাইন হাওলাদারসহ অন্যান্য নেতারা।
বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বশার আহম্মেদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে এবং দলীয় নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যে মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান।
তারা আরও বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যমকর্মীদের কাছে জানিয়েছিলেন, তার ওপর কোনো রাজনৈতিক ব্যক্তির হামলা হয়নি। তবে পরবর্তীতে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় নেওয়ার পর তার বক্তব্যে পরিবর্তন আনা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন বক্তারা।
সমাবেশ থেকে অবিলম্বে মামলাগুলো প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।