মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জেটি ঘাটের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা। পরে তাঁরা লোন্দা-মরিচবুনিয়া সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় নিবন্ধিত শ্রমিকদের কাজে অন্তর্ভুক্তি ও ন্যায্য কর্মসংস্থানের দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
শ্রমিকদের এই কর্মসূচির কারণে লোন্দা-মরিচবুনিয়া সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালনের পর কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় আপাতত আন্দোলন স্থগিত করেন শ্রমিক ইউনিয়নের নেতারা।
পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির হোসেন ব্যাপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাজামানের সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সংগঠনের সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল অন্তরসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
কর্মসূচিতে শ্রমিক নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই ও খালাসের কাজে স্থানীয় নিবন্ধিত শ্রমিকদের কাজের সুযোগ দেওয়া হচ্ছে না। তাঁদের দাবি, একটি সিন্ডিকেট এসব কার্যক্রম পরিচালনা করে আসছে।
বক্তারা বলেন, স্থানীয় নিবন্ধিত শ্রমিকদের কাজের সুযোগ নিশ্চিত করার জন্য তাঁরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে বারবার যোগাযোগ ও আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়ে তাঁরা সড়কে নেমে আন্দোলন করতে বাধ্য হয়েছেন।
অবস্থান কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, নিবন্ধিত শ্রমিকদের কাজের সুযোগ নিশ্চিত করা তাঁদের ন্যায্য দাবি। দীর্ঘদিন ধরে এ দাবি উপেক্ষিত হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান করে স্থানীয় নিবন্ধিত শ্রমিকদের কাজে অন্তর্ভুক্ত করার দাবি জানান তাঁরা।
পরে কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেন আন্দোলনকারীরা।
তবে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতিদ্রুত নিবন্ধিত শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাঁদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান তাঁরা।