ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে পটুয়াখালী সদর থানাধীন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে হোটেল বনানীর দক্ষিণ পাশে বংশী চন্দ্র শীলের মেডিসিনের দোকানের সামনে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় সন্দেহজনক অবস্থায় থাকা দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আবুল হোসেন (২৮) ও গাজী মো. আল আমিন (২৯)।
পুলিশের তথ্য অনুযায়ী, মো. আবুল হোসেন পটুয়াখালীর কালিকাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শারিকখালী এলাকার বাসিন্দা। তিনি হাসেম হাওলাদারের ছেলে। অপর গ্রেপ্তার গাজী মো. আল আমিন পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আউলিয়াপুর এলাকার বাসিন্দা। তিনি আঃ রব গাজীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা ৭০ পিস ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য হিসেবে জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি সামনে এসেছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার দুই ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।