বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। জাকারিয়ার এ সাফল্যের খবরে আনন্দে ভাসছে তাঁর পরিবার, স্বজন ও নিজ গ্রামসহ পুরো বাউফল।
বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের মাওলানা নুরুল আমিন ও ইয়ানুর বেগম দম্পতির মেঝ ছেলে জাকারিয়া। মাত্র ছয় বছর বয়সে মামা হাফেজ ক্বারী মোহাম্মদ রহমত উল্লাহর হাত ধরে ঢাকায় যান তিনি।
রাজধানীর একটি মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি হয়ে অল্প বয়সেই পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন জাকারিয়া। পরে আলিয়া ডিগ্রি অর্জনের জন্য ডেমরার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি হন। বর্তমানে সেখানেই পড়াশোনা করছেন তিনি।
পড়াশোনার পাশাপাশি কোরআন তিলাওয়াত ও হিফজে দক্ষতা অর্জন করতে থাকেন জাকারিয়া। এরই ধারাবাহিকতায় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান তিনি।
গত ৫ আগস্ট শুরু হওয়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ১৩৩টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের এই কৃতী হাফেজ।
প্রথম স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল পুরস্কার।
জাকারিয়ার বিশ্বজয়ের খবর ছড়িয়ে পড়ার পর চাঁদকাঠী গ্রামসহ পুরো বাউফলে আনন্দের আবহ তৈরি হয়েছে। স্থানীয়রা তাঁর এ অর্জনকে শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বাউফল ও বাংলাদেশের জন্যও বড় সম্মান হিসেবে দেখছেন।
ধুলিয়া এলাকার বাসিন্দা শরীফ তৌসিফুর রহমান রাফা বলেন, “বাউফলের সন্তান হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার এই বিশ্বজয় আমাদের জন্য অত্যন্ত গর্বের। তার সাফল্যে চাঁদকাঠীসহ পুরো বাউফলবাসী আনন্দিত ও গর্বিত। আমরা চাই, জাকারিয়া ভবিষ্যতেও কোরআনের খেদমতের মাধ্যমে দেশ ও বাউফলের মুখ উজ্জ্বল করুক।”
হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার গৌরবময় অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
তিনি বলেন, “হাফেজ জাকারিয়া শুধু বাউফলের নয়, পুরো বাংলাদেশের অহংকার। ১৩৩টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে তার এই বিশ্বজয় বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। বাউফলবাসীর পক্ষ থেকে তাকে ও তার পরিবারকে আন্তরিক মোবারকবাদ জানাই।”
আন্তর্জাতিক বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজরা এর আগেও সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তবে মক্কার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার মতো মর্যাদাপূর্ণ আসরে বাউফলের সন্তান হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার এ অর্জন নতুন করে গর্বিত করেছে তাঁর পরিবার, নিজ এলাকা এবং দেশের মানুষকে।