বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে গ্রামীণ পর্যায়ে হাঁস-মুরগির স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী-নিমদী গ্রুপের (ভূমিহীন) উপকারভোগীদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্পিড ট্রাস্ট’-এর কর্মএলাকায় ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) থেকে প্রশিক্ষণপ্রাপ্ত লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের (এলএসপি) উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে হাঁস-মুরগির রোগ প্রতিরোধ, সঠিক পরিচর্যা ও প্রাথমিক চিকিৎসার বিভিন্ন বিষয় নিয়ে খামারি ও উপকারভোগীদের পরামর্শ দেওয়া হয়।
ক্যাম্পেইনের অংশ হিসেবে নাজিরপুর ইউনিয়নের নিমদী গ্রুপের উপকারভোগীদের ১০০টি মুরগিকে প্রতিষেধক ভ্যাকসিন দেওয়া হয়। বিএলআরআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এলএসপি তাসলিমা বেগম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহ করেন। পরে তিনি দলীয় সদস্যদের মধ্যে ভ্যাকসিন বিতরণ ও প্রয়োগ কার্যক্রম পরিচালনা করেন।
কর্মসূচিতে স্পিড ট্রাস্টের উজ্জীবক সাইফুল ইসলাম, ক্লাস্টার লিডার মিতা রাণী, দলীয় নেতা সাথীসহ স্থানীয় সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে পারিবারিক পর্যায়ে হাঁস-মুরগি পালনে খামারি ও উপকারভোগীদের দক্ষতা বাড়বে। পাশাপাশি সময়মতো টিকাদান ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে হাঁস-মুরগির অকাল মৃত্যু কমানো সম্ভব হবে। এতে গ্রামীণ পর্যায়ে প্রাণিসম্পদভিত্তিক আয় ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হওয়ার সুযোগ তৈরি হবে।