প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘এনিমেল শেড’-এর উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, উপজেলা বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মনিরুজ্জামান, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, এনিমেল লাভার্স পটুয়াখালী শাখার সদস্য মোহাম্মদ বাইজীদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন এনিমেল লাভার্সের বন্যপ্রাণী উদ্ধারের কার্যক্রম প্রশংসনীয়। তাদের কার্যক্রমকে সহযোগিতা করতে জেলা প্রশাসনের উদ্যোগে উদ্ধার হওয়া প্রাণীদের পরিচর্যা ও চিকিৎসার জন্য এই শেড নির্মাণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন বিষধর সাপ ও হিংস্র প্রাণী উদ্ধারের সময় এনিমেল লাভার্সের সদস্যদের আধুনিক সরঞ্জামের প্রয়োজন হয়। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে চাহিদাপত্র দেওয়া হলে তা বিবেচনা করে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে।
বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় সংগঠনের সদস্যদের আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, প্রাণীকুল রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ কাজে জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।
জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত এই ‘এনিমেল শেড’ উদ্ধারের পর বন্যপ্রাণীর প্রয়োজনীয় পরিচর্যা ও চিকিৎসা দেওয়ার পাশাপাশি উপযুক্ত পরিবেশে পুনর্বাসনে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।