সোমবার (১০ আগস্ট) বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবগঠিত জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ নাঈম, সদস্য সচিব মীর নিলয় ও মুখ্য সংগঠক এম. শাহাদাৎ হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভায় বরগুনা প্রেসক্লাবের সাংবাদিক, এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরাও অংশ নেন।
সভায় বক্তারা বলেন, দেশের তরুণদের দক্ষতা বৃদ্ধি ও সংগঠিত করে জনকল্যাণমূলক কাজে যুক্ত করার লক্ষ্যেই জাতীয় যুবশক্তির কার্যক্রম শুরু হয়েছে। বরগুনার প্রতিটি উপজেলা ও পৌরসভায় সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি নতুন ও গতিশীল নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।
তাঁরা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে যুবসমাজকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের পরিকল্পনা তুলে ধরা হয়। পর্যায়ক্রমে বরগুনার সব উপজেলা ও পৌরসভায় কমিটি গঠনের কর্মপরিকল্পনাও জানানো হয়।
অনুষ্ঠান শেষে বরগুনায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করতে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।