রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় গলাচিপা উপজেলা প্রশাসন চত্বর থেকে যুবক-যুবতীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক।
সভাপতির বক্তব্যে ইউএনও আবুজর মোঃ ইজাজুল হক বলেন, নিজেদের আত্মবিশ্বাসই জীবনকে সাফল্যের পথে এগিয়ে নিতে পারে। যুবসমাজকে আত্মবিশ্বাসী, দক্ষ ও কর্মমুখী হতে হবে। যুব উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব। আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের প্রযুক্তিগত জ্ঞান ও কর্মদক্ষতা বাড়ানোর বিকল্প নেই। দেশের বেকারত্ব দূর করতে যুবসমাজকে চাকরির প্রত্যাশার পাশাপাশি আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মের মেধা, শ্রম, সৃজনশীলতা ও কর্মদক্ষতাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণ-অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আঃ সোবাহান, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, সাংবাদিক হারুন অর রশিদ এবং সফল যুবকর্মী আঃ মজিদ মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইউসুফুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং দেশের সামগ্রিক উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক যুবক-যুবতী অংশগ্রহণ করেন।