রোববার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মহসীন উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠীকে যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে মানবসম্পদে পরিণত করা সম্ভব হলে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। এ জন্য যুবকদের শুধু চাকরির ওপর নির্ভরশীল না হয়ে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার বিষয়ে আগ্রহী হতে হবে।
বক্তারা আরও বলেন, বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সমাজ গঠনে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তরুণেরা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গড়ে তুলতে পারেন। এতে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কাজের সুযোগ সৃষ্টি হবে।
তাঁরা যুবসমাজকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা অর্জন, নতুন চিন্তাভাবনা নিয়ে এগিয়ে আসা এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে উৎসাহিত করতে সুবিধাভোগী যুবকদের হাতে যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও আর্থিক সহায়তার সমন্বয়ে পটুয়াখালীর যুবসমাজ আত্মনির্ভরশীল হয়ে উঠবে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান সম্প্রসারণের মাধ্যমে জেলার অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজকে দক্ষ, কর্মমুখী ও উদ্যোক্তামুখী করে গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।