২০২৬-২৭ অর্থবছরে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় পটুয়াখালীর গলাচিপায় উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় তামাক নিয়ন্ত্রণে আইনের যথাযথ প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উদ্যোগ জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, ধূমপানসহ সব ধরনের তামাকজাত দ্রব্য ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সমাজকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজন ধূমপায়ীর স্বাস্থ্য ও আর্থিক ক্ষতির প্রভাব তাঁর পরিবারের সদস্যদের জীবনেও পড়ে। এ কারণে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে সম্মিলিত সামাজিক উদ্যোগ গড়ে তোলা প্রয়োজন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহউদ্দিন ধূমপান ও তামাক ব্যবহারের স্বাস্থ্যগত ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। স্ক্রিনে উপস্থাপনার মাধ্যমে তিনি ক্যানসার, স্ট্রোক, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং ফুসফুসের বিভিন্ন রোগসহ তামাক ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে আলোচনা করেন। তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর তিনি গুরুত্ব দেন।
সভায় উপস্থিত বক্তারা বলেন, তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে শুধু আইন প্রণয়ন বা প্রয়োগ যথেষ্ট নয়; এর পাশাপাশি মানুষের আচরণগত পরিবর্তন আনতে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে ধূমপান ও তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের আসক্তি থেকে দূরে রাখতে সহায়তা করবে।
তাঁরা আরও বলেন, জনসমাগমস্থলে ধূমপান নিয়ন্ত্রণ, তামাকজাত দ্রব্যের ব্যবহারসংক্রান্ত আইন সম্পর্কে প্রচার এবং আইন লঙ্ঘনের ক্ষেত্রে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর করা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকা প্রয়োজন।
সভায় তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে বিভিন্ন আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ এবং জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজামউদ্দিন, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিল্টনসহ উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
সভায় তামাকের ক্ষতিকর প্রভাব কমাতে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।