বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় ইটবাড়িয়া ইউনিয়ন পরিষদে এ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইটবাড়িয়া ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি আঃ খালেক সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সদস্য নিলুফা আক্তার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি প্যানেল চেয়ারম্যান খালেদা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা নাগরিক কমিটির সভাপতি স. ম. দেলওয়ার হোসেন দিলীপ, ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান মুসা খান, ইউপি সহকারী মো. ইব্রাহিম এবং উপজেলা নাগরিক ফোরামের সদস্য ও সাংবাদিক মো. জাহাঙ্গীর হোসেন।
সভায় নাগরিক প্রকল্পের আওতায় ইটবাড়িয়া ইউনিয়ন নাগরিক ফোরামের বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের অর্জন, সফলতা ও সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এসব কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে মতামত তুলে ধরেন উপস্থিত নাগরিক নেতারা।
বিশেষ করে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের নাগরিক কার্যক্রমে সম্পৃক্ত করা, তাদের অধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন প্রতিরোধ এবং ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এসব ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং নাগরিক উদ্যোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপন করেন নাগরিক নেতারা। পরিকল্পনায় নারী নির্যাতন প্রতিরোধ কমিটির কার্যক্রম জোরদার, স্বাস্থ্যসেবা ও প্রাণিসম্পদ খাতে সরকারি সেবার তথ্য সংগ্রহ এবং এসব সেবার মান পর্যবেক্ষণের জন্য সামাজিক নিরীক্ষক নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন, জনসচেতনতামূলক সংলাপ, লোকসংগীত ও পথনাটকের আয়োজন এবং বিভিন্ন সামাজিক নিরীক্ষার প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা গ্রহণ করা হয়। এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবা গ্রহণে বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় ইউনিয়ন পর্যায়ে উপজেলা ও ইউনিয়ন পরিষদ প্রশাসনের প্রতিনিধি, নাগরিক নেতা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে সংলাপ আয়োজনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে উপজেলা পর্যায়ে গণশুনানির আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়। এসব কর্মসূচির মাধ্যমে নাগরিকদের মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং সেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।
সভায় বক্তব্য দেন ফোরামের সদস্য মো. আবুল কালাম, নিলুফা আক্তার ও মরিয়ম আক্তার, সম্পাদক নুসরাত জাহান নুপুর, সভাপতি মো. আঃ খালেক সিকদার, ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা নাগরিক ফোরামের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা নাগরিক কমিটির সভাপতি স. ম. দেলওয়ার হোসেন দিলীপসহ অন্যরা।
বক্তারা নাগরিক অধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন প্রতিরোধ, সরকারি সেবার জবাবদিহি নিশ্চিতকরণ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়াতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, স্থানীয় পর্যায়ে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব।
জিএফএ কনসাল্টিং গ্রুপের উদ্যোগে, সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং উইক্যানের সহযোগিতায় সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) এ সভা ও কর্মশালার আয়োজন করে।