এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (২৬ অক্টোবর) বিআরটিসির সঙ্গে পবিপ্রবির একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন এবং বিআরটিসির পক্ষে স্বাক্ষর করেন বরিশাল ডিপোর ম্যানেজার মো. জুলফিকার আলী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, পরিবহন পরিচালক মো. আব্দুর রহিম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ। এ ছাড়া বিআরটিসির সহকারী পরিবহন কর্মকর্তা মো. মশিউর রহমান ও হিসাব ইনচার্জ মো. ফারুক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন বাস চালুর পরিকল্পনার অংশ হিসেবে গত ১৪ অক্টোবর বিআরটিসির বরিশাল ডিপো থেকে একটি ডাবল ডেকার বাস পরীক্ষামূলকভাবে পবিপ্রবিতে আনা হয়। বরিশাল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়কে বাস চলাচলের উপযোগিতা যাচাই এবং সম্ভাব্য পরিচালনব্যবস্থা পর্যালোচনার উদ্দেশ্যে এ পরীক্ষামূলক যাত্রা পরিচালনা করা হয়েছিল। সেই উদ্যোগের ধারাবাহিকতায় এবার দুটি বাস নিয়মিতভাবে চালুর জন্য চুক্তি সম্পন্ন হলো।
বিশ্ববিদ্যালয়ের পরিবহনব্যবস্থায় নতুন বাস যুক্ত হওয়ার খবরে শিক্ষার্থীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে পরিবহন সংকটের কারণে শিক্ষার্থীদের যাতায়াতে যে চাপ ও ভোগান্তি তৈরি হচ্ছে, নতুন বাস চালুর মাধ্যমে তা অনেকটাই কমবে বলে প্রত্যাশা তাঁদের। বিশেষ করে বরিশাল-পবিপ্রবি রুটে যাতায়াতকারী শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ বাড়তি সুবিধা তৈরি করতে পারে।
উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের নেতৃত্বে নেওয়া এ উদ্যোগকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা শুধু পরিবহন সংকট নিরসনের বিষয় নয়; বরং শিক্ষা কার্যক্রমে সময়ানুবর্তিতা, স্বাচ্ছন্দ্য ও গতিশীলতা বজায় রাখার সঙ্গেও এটি সরাসরি সম্পর্কিত।
তবে বাস দুটি চালু হওয়ার পর সেগুলোর নিয়মিত চলাচল, সময়সূচি এবং শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী সেবা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হবে। পরিকল্পিত ব্যবস্থাপনা ও যথাযথ তদারকি বজায় থাকলে নতুন এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের পরিবহনব্যবস্থায় কার্যকর পরিবর্তন আনতে পারে বলে আশা করা হচ্ছে।
শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমানো এবং আধুনিক, নিরাপদ ও শিক্ষার্থীকেন্দ্রিক পরিবহনব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে বিআরটিসির সঙ্গে এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের।
পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।