অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী এবং উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালীর কর্মকর্তা ছাড়াও পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই ইটভাটার মালিকপক্ষ পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করে বিনা অনুমতিতে মাটি কর্তন করে আসছিল। এছাড়া বিধি বহির্ভূতভাবে ফিক্সড চিমনি স্থাপন করে জ্বালানি কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করা হচ্ছিল। মোবাইল কোর্ট পরিচালনার সময় ভাটা কর্তৃপক্ষ ইটভাটা পরিচালনার লাইসেন্সসহ কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।
লাইসেন্স ও বৈধ কাগজপত্র না থাকায় এবং পরিবেশ সংরক্ষণ ও পোড় ইট প্রস্তুতের আইন অমান্য করায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ অনুযায়ী সংশ্লিষ্ট ইটভাটাকে আর্থিক জরিমানা করা হয়।
পরিবেশ রক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানানো হয়েছে।