পটুয়াখালী টুডে ডেস্ক
পটুয়াখালীর সদর উপজেলার ছোটবিঘাই অফিসের হাট মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ উদ্যোগের জন্য পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ছোটবিঘাই ইউনিয়নের সভাপতি জহির ইসলামসহ এলাকাবাসী।
দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নের প্রত্যাশা ছিল স্থানীয়দের। নতুন একাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত হবে এবং শ্রেণিকক্ষের সংকট কমবে বলে আশা করছেন তাঁরা।
বিদ্যালয়ের সভাপতি জহির ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সন্তোষ প্রকাশ করে লেখেন, “আলহামদুলিল্লাহ। আমার প্রাণের বিদ্যালয়। অবশেষে ভবন ইনশা’আল্লাহ। ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী স্যারকে। স্যার কথা রেখেছেন।”
সংশ্লিষ্ট নথি অনুযায়ী, গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা চিঠিতে ছোটবিঘাই অফিসের হাট মাধ্যমিক বিদ্যালয়সহ পটুয়াখালী সদর ও দুমকি উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনার কথা উল্লেখ রয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, উদ্যোগটি বাস্তবায়িত হলে ছোটবিঘাই এলাকার শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে। তাঁরা দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে ভবন নির্মাণের কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।