পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নারীদের সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে ‘সচেতন মুসলিম নারী সমাজ, পটুয়াখালী’ নামে একটি মহিলা সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে পটুয়াখালী মডেল মসজিদের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে সভানেত্রী হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা আয়সা জাহান। প্রধান অতিথি ছিলেন বেগম রওশনারা হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম নাজনিন নাহার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাসরিন জান্নাতি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সচেতন, নৈতিক ও মানবিক সমাজ গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের শিক্ষা, সাংস্কৃতিক বিকাশ ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তাঁরা আরও বলেন, নারীর অধিকার ও মর্যাদা সমুন্নত রাখা, নারীর প্রতি সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা এবং সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ইসলামি আদর্শের আলোকে নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নারীদের সচেতনতা বৃদ্ধি এবং সমাজের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করেছে। ভবিষ্যতে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সংগঠনটি নারীদের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে অবদান রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।