পর্যটন কার্নিভাল-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় কুয়াকাটার খান প্যালেস অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই, বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও উপজেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
সভায় বক্তব্য দেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ এবিএম মোশাররফ হোসেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান শামীমুজ্জামান।
মতবিনিময় সভায় কুয়াকাটাসহ উপকূলীয় অঞ্চলের পর্যটনশিল্পের সম্ভাবনা, অবকাঠামোগত উন্নয়ন এবং পর্যটকদের যাতায়াতব্যবস্থা সহজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, পর্যটন খাতের টেকসই বিকাশের জন্য সহজ, নিরাপদ ও উন্নত যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক যোগাযোগের উন্নয়ন, রেলপথ ও রেলস্টেশন স্থাপন এবং বিমানবন্দর নির্মাণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
তাঁরা আরও বলেন, কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। পর্যটকদের যাতায়াত সহজ করার পাশাপাশি পর্যটনসংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং বিনিয়োগের উপযোগী পরিবেশ নিশ্চিত করা গেলে এ অঞ্চলে পর্যটকের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।
বক্তাদের মতে, পর্যটনশিল্পের বিকাশ শুধু ভ্রমণকেন্দ্রিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, হোটেল-মোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডও জড়িত। পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়িত হলে এসব খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হতে পারে।
সভায় পটুয়াখালী, কলাপাড়া ও কুয়াকাটার সাংবাদিকদের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।