শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের রামবল্লভ দাখিল মাদ্রাসায় ‘আলোর দিশারী মানব কল্যাণ সংগঠন’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আলহাজ আব্দুল ওয়াহাব মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ মো. শাহ আলম মৃধা, মো. মোস্তফা কামাল ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রনি। এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মহিবুল্লাহ পঞ্চায়েত, জালাল মেলকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। জীবনে সফল হতে হলে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ, কঠোর পরিশ্রম এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। পাশাপাশি বাবা-মা, শিক্ষক ও এলাকার মানুষের প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের সচেষ্ট থাকতে হবে।
তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। এসব অপরাধের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তা প্রশাসনকে জানাতে হবে। দশমিনাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত শান্তিপূর্ণ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষপর্যায়ে পঞ্চম থেকে দশম শ্রেণির ১৯ জন শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুই শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আয়োজকদের এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি মেধা বিকাশ, সামাজিক সচেতনতা ও শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।