পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে পরিচালিত অভিযানে এক হাজার মিটার নিষিদ্ধ জাল ও একটি ট্রলারসহ দুই জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে জরিমানা করা হয়েছে। অপর আটক জেলেকে মুচলেকা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।
সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর পর্যন্ত পায়রা বন্দর নৌ-পুলিশের সহযোগিতায় রাবনাবাদ নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ জাল ও ট্রলারসহ দুই জেলেকে আটক করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত আটক জেলেদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। এ সময় মো. রিফাত (১৯) নামের এক জেলেকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অভিযানে উদ্ধার করা এক হাজার মিটার নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অন্যদিকে, আটক অপর জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং ভবিষ্যতে আর কখনো সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করবেন না মর্মে মুচলেকা দেওয়ায় তাঁকে ট্রলারসহ ছেড়ে দেওয়া হয়।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। তিনি বলেন, “মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এবং সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অসাধু জেলেদের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণে দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির ক্ষেত্রে সরকারি নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মৎস্যসম্পদ সংরক্ষণ এবং ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞার সময়ে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট প্রশাসন। সরকারি নির্দেশনা অমান্য করে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।