জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিনের উদ্যোগে সড়কগুলো পাকাকরণের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলার কয়েকটি এলাকার মানুষের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সমন্বয় সেল থেকে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন সমন্বিত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে প্রস্তাবিত সড়কগুলো অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
প্রস্তাবিত পাঁচটি সড়কের মধ্যে রয়েছে বাউফল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে জালাল মেম্বারের বাড়ি থেকে শেরেবাংলা সংযোগ সড়ক পর্যন্ত এক কিলোমিটার সড়ক এবং হারুন মেম্বারের বাড়ি থেকে মজিবর সিপাহীর বাড়ি পর্যন্ত ৯০০ মিটার সড়ক। এ ছাড়া বগা-বাউফল আরএইচডি থেকে উত্তর রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার, আদাবাড়িয়া লক্ষ্মীপাশা বাজার থেকে সিদ্দিক বাজার পর্যন্ত ৫ দশমিক ৫ কিলোমিটার এবং আদাবাড়িয়া সোনামিয়া বাজার থেকে মাধব পণ্ডিতের বাড়ি পর্যন্ত ৩ দশমিক ৩ কিলোমিটার সড়ক পাকাকরণের প্রস্তাব রয়েছে।
অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, বাউফলের অবহেলিত জনপদের মানুষের যাতায়াতব্যবস্থা সহজ করাই তাঁদের লক্ষ্য। সড়কগুলো পাকাকরণ করা হলে কৃষকেরা সহজে উৎপাদিত পণ্য বাজারে নিতে পারবেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং স্থানীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনাও আরও সহজ হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কগুলো কাঁচা ও জরাজীর্ণ অবস্থায় থাকায় তাঁদের চলাচলে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব সড়ক দিয়ে যাতায়াত আরও কষ্টসাধ্য হয়ে ওঠে। সড়কগুলো পাকাকরণের উদ্যোগ বাস্তবায়িত হলে তাঁদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশা করছেন তাঁরা।
তবে সড়কগুলো ডিপিপিভুক্ত করার নির্দেশনা দেওয়া হলেও প্রকল্পের চূড়ান্ত অনুমোদন, অর্থ বরাদ্দ এবং নির্মাণকাজ শুরুর আগে সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ফলে প্রস্তাবিত সড়কগুলোর উন্নয়নকাজ কবে নাগাদ শুরু হবে, তা নির্ভর করছে পরবর্তী প্রক্রিয়ার অগ্রগতির ওপর।