পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, বুধবার (৬ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটে পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইটবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শহিদুল ইসলাম রিপন (৫২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শহিদুল ইসলাম রিপন ইটবাড়িয়া ইউনিয়নের কচাবুনিয়া এলাকার বাসিন্দা। তিনি মৃত হাসেম আলী ফকির ও মৃত ফজিলাতুন্নেছা পারুলের ছেলে।
পুলিশের দাবি, অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পটুয়াখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
পরবর্তীতে গ্রেপ্তার ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।