নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা কার্যক্রম এগিয়ে নিতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় সঠিক তথ্য সংগ্রহ, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সংশ্লিষ্টদের দায়িত্ব সম্পর্কে অবহিত করতে এ আয়োজন করা হয়।
সোমবার দুপুরে রাঙ্গাবালী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভাপতি নাজমুল হাসান।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি কার্যক্রমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
এর আগে কেন্দ্রীয়ভাবে আয়োজিত প্রেস কনফারেন্সে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হন রাঙ্গাবালীর স্থানীয় অংশীজনরা। ওই অনুষ্ঠানে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ, বাস্তবায়ন প্রক্রিয়া এবং এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই এবং সঠিক তথ্য অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্বপূর্ণ। এ কারণে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের পাশাপাশি স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলে সভায় গুরুত্ব দেওয়া হয়।
রাঙ্গাবালীতে অনুষ্ঠিত এ প্রেস কনফারেন্সে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সঠিক তথ্য সংগ্রহ ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে রাঙ্গাবালীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।